• লিড নিউজ
  • অর্থনীতি

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোতে কৃষি উৎপাদন, কৃষিপণ্যের সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি কার্যক্রম জোরদারের মাধ্যমে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতেই এ তহবিল গঠন করা হয়েছে।

‎আজ সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ তহবিলের আওতায় বিতরণ করা ঋণ সম্পূর্ণ নতুন ঋণ হিসেবে মাঠ পর্যায়ে বিতরণ করতে হবে। কোনো অবস্থাতেই পুরোনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা চলমান ঋণের দায় সমন্বয়ে এ অর্থ ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো ব্যাংক নির্ধারিত সুদ সীমার বেশি সুদ আদায় করলে বা পুনঃঅর্থায়ন সুবিধার অপব্যবহার করলে অপব্যবহৃত অর্থের ওপর অতিরিক্ত ২ শতাংশ হারে দণ্ডসুদ আরোপ করা হবে।

‎বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। উত্তরবঙ্গ দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল হলেও আধুনিক ফসল-উত্তর ব্যবস্থাপনা, বাজারজাতকরণ অবকাঠামো, বিশেষায়িত হিমাগার, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং সরবরাহ শৃঙ্খলে সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

‎সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত এ তহবিলের মেয়াদ হবে সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর। এ তহবিলের সুবিধা শুধু উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোর জন্য সংরক্ষিত থাকবে।

‎তহবিলের অর্থ চারটি মূল খাতে ব্যয় করা হবে। এর মধ্যে ১৫ শতাংশ কৃষি উৎপাদন খাতে, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে, ৩৫ শতাংশ কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এবং বাকি ১৫ শতাংশ কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্যের রপ্তানি খাতে ব্যয় করা হবে।

‎এ তহবিলের আওতায় ব্যক্তি, দলবদ্ধ গ্রাহক ও প্রতিষ্ঠান পর্যায়ে ঋণ বা বিনিয়োগ দেওয়া হবে। কৃষি উৎপাদন খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা, কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ দেওয়া যাবে। প্রয়োজন হলে গ্রাহকের প্রকৃত চাহিদার ভিত্তিতে ব্যাংকগুলো এ সীমা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সমন্বয় করতে পারবে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন পাবে এবং তারা ঋণগ্রহীতাদের কাছ থেকে ৯ শতাংশের বেশি সুদ নিতে পারবে না। শরিয়াহভিত্তিক অর্থায়নের ক্ষেত্রেও এ হার ৯ শতাংশের বেশি হবে না।

‎ঋণ বা বিনিয়োগের মেয়াদের ক্ষেত্রে কৃষি উৎপাদন খাতে ৩ মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস এবং সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি খাতে ৩ থেকে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ৩৬ মাস মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

‎নারী উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকদের অর্থায়ন সহজ করতে প্রচলিত স্থাবর সম্পত্তির জামানতের পরিবর্তে ব্যক্তিগত, সামাজিক বা দলগত জামানতের মতো বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখার কথা বলা হয়েছে। তবে, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত গ্রাহকরা এ তহবিলের আওতায় ঋণ বা বিনিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।

‎সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ তহবিলে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে সার্কুলার জারির পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পাদনের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়...

image

দৈনিক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স আসছে দেশে

নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০...

image

আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও ৫ লা...

image

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তা...

image

জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কি...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বা...

  • company_logo