ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মহাকাশ গবেষণায় নতুন এক উচ্চতায় পৌঁছাল পাকিস্তান। গতকাল শনিবার চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে পাকিস্তানের রিমোট সেন্সিং বা দূরসংবেদনশীল স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও৩’ (PRSC-EO3) মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ হাই-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইটটি দেশটির প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
সফল উৎক্ষেপণ ও কক্ষপথে প্রবেশ
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত কেন্দ্রটি থেকে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি ছিল চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন।
কী কাজ করবে এ ইমেজিং স্যাটেলাইট?
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ (Suparco) এ ইলেক্ট্রো-অপ্টিক্যাল স্যাটেলাইটটি তৈরি করেছে। এটি কেবল ছবিই তুলবে না, এতে রয়েছে অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডাটা প্রসেসিং ইউনিট। এর ফলে মহাকাশ থেকেই রিয়েল-টাইমে তথ্য বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। এ ছাড়া এতে রয়েছে উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং আধুনিক ইমেজিং মডিউল, যা ছবির নিখুঁততা নিশ্চিত করবে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর (ISPR) জানিয়েছে, এ স্যাটেলাইটের পাঠানো তথ্য নগরায়ন, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন
এ সাফল্যকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি পাকিস্তানের আত্মনির্ভরশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের ক্রমবর্ধমান সক্ষমতার বহিঃপ্রকাশ’।তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধার প্রশংসা করার পাশাপাশি এ যাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান তার মহাকাশ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামীর সম্ভাবনা
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইও-৩ স্যাটেলাইটটি পাকিস্তানের আর্থ অবজারভেশন সিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে এবং জাতীয় অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোতে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করবে।
এক নজরে নতুন স্যাটেলাইট
নাম: পিআরএসসি-ইও৩ (PRSC-EO3)
উৎক্ষেপণ কেন্দ্র: তাইয়ুয়ান, চীন
রকেট: লং মার্চ-৬
মূল কাজ: দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নি...
নিউজ ডেস্ক : মালিজুড়ে একযোগে চালানো ভয়াবহ হামলায় দেশটির প...
নিউজ ডেস্ক : তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্র...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...

মন্তব্য (০)