• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এ সকল কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে তাদের পদায়ন করা হয়েছে।

‎এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোথাও বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

‎সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দিয়ে বলা হয়, কর্মকর্তারা যোগদানের পর সে-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

‎এছাড়া, পদায়ন করা কলেজে পদ শূন্য না থাকলে বা অন্য কোনো জটিলতা দেখা দিলে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo